ফোর্টনাইটের নতুন সিজন শুরু, হতাশ অ্যাপল ব্যবহারকারীরা

২৮ আগষ্ট, ২০২০ ০২:৫৬  
এপিক গেমস বৃহস্পতিবার তাদের জনপ্রিয় ভিডিও গেম ‘ফোর্টনাইট’ এর নতুন সিজন উন্মোচন করেছে। তবে অ্যাপলের সাথে কোম্পানিটির আইনী লড়াই চলমান থাকায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের হতাশ হতে হয়েছে। কারণ এই দুইটি ডিভাইসের ব্যবহারকারীরা নতুন গেমটি উপভোগ করতে পারছেন না। খবর রয়টার্স। টুইটারে অনেক ব্যবহারকারী তাদের হতাশার কথা তুলে ধরছেন। আন্তর্জাতিক গেমিং কমিউনিটির একটি উল্লেখযোগ্য ঘটনাকে তারা উপভোগ করতে পারছেন না। আবার অনেকেই নতুন সিজন নিয়ে সমালোচনাও করেছেন। সম্প্রতি এপিক গেমস অ্যাপলের পলিসি নিয়ে চ্যালেঞ্জ করায় অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলেছে অ্যাপল। এপিকের অভিযোগ কমদামে সরাসরি এপিককে ইন-অ্যাপ কেনাকাটার সুযোগ দিচ্ছে না ও বিক্রয় থেকে একটি অংশ কেটে নিচ্ছে অ্যাপল। বর্তমানে বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়নের অধিক গেমার ফোর্টনাইট গেমটি খেলেছে। বিশেষ করে তরুণ গেমারদের কাছে এটি বেশ জনপ্রিয়, আর মহামারিতে সেসব গেমাররা বাসাতেই থাকায় গেমটি লাভবান হয়েছে। ডিবিটেক/বিএমটি